Saturday, 25 July 2015

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, হিন্দু-মুসলিম-শিখ ও খৃস্টান সবাই আমাদের ভাইবোন। আজ (মঙ্গলবার) কোলকাতার ধর্মতলায় বিশাল জনসমাবেশে দলীয় লক্ষ লক্ষ সমর্থকদের উদ্দেশ্যে বলেন,‘আমরা শান্তি ভালবাসি এবং মাটির মানুষই আমাদের পৃথিবী। অন্ধ কুৎসার সাম্প্রদায়িক বিষ যারা ছড়াচ্ছেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস কখনই সমর্থন করেনি এবং করবেও না। কয়েকদিন আগে ঈদ হয়ে গেল। আমি সবাইকে ঈদ মুবারক জানাই। রথযাত্রা হয়ে গেল সবাইকে অভিনন্দন জানাই।’ মমতা আজ বিজেপির নাম না করে তাদের তীব্র সমালোচনা করে বলেন, ‘পবিত্র ঈদকে কেন্দ্র করে দিল্লির শাসকদল যেভাবে বাংলাকে কলঙ্কিত করেছে, তার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ দেবে। দাঙ্গাকে বাংলার মানুষ সমর্থন করে না।’ মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের উদ্দেশ্যে বলেন,‘যারা দাঙ্গা করে তাদের আদর্শ,নৈতিকতা, দর্শন, সভ্যতা-সংস্কৃতিনেই, তারা রাজনীতি জানে না। আর এরাই কুৎসার সাম্প্রদায়িক বিষ ছড়ায়। তাই আমরা প্রার্থনা করি, ঈশ্বর, আল্লা তোমাদের ক্ষমা করুক। হত্যা এবং দাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন,‘খুনের বদলে খুন করা, দাঙ্গার বদলে দাঙ্গা করা আমাদের রাজনীতি নয়। মানুষকে ভালবাসাই আমাদের রাজনীতি।’ সংখ্যালঘু প্রসঙ্গে মমতা বলেন, ‘সংখ্যালঘু ভাইবোনেরা জেনে রাখুন, ৩৫ হাজার ইমাম-মুয়াজ্জিন বাংলায় ভাতা পায়। যত কবরস্থান আছে আমরা (প্রাচীর)করে দিয়েছি। গত ৪ বছরে ৮২ লাখ ছাত্র-ছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি। আমরা নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,নজরুল ইসলাম বিমানবন্দর করেছি, ইকবালের নামে চেয়ার করেছি, মাওলানা আবুল কালাম আজাদের নামে টেকনিক্যাল ইউনিভার্সিটি করেছি, আলিয়া ইউনিভার্সিটি করেছি। নতুন হজ হাউস করা হচ্ছে, সংখ্যালঘু ভবন হচ্ছে।’ সংখ্যালঘুদের কর্মসংস্থানের কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘১৭ শতাংশ ওবিসি সংরক্ষণে ৯৭ শতাংশ সংখ্যালঘু ভাইবোনেদের সংরক্ষণ দেয়া হয়েছে। যা ভারতবর্ষের কোথাও হয়নি, এমনকি পৃথিবীর কোনো প্রান্তেও হয়নি।’ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদলের উদ্দেশ্যে বলেন,‘কংগ্রেস-বিজেপি- সিপিএম, তোমরাই তোমাদের লজ্জা। তোমাদের দেখে লজ্জাও লজ্জা পায়। তিনি অভিযোগ করে বলেন, তোমরা কেবল মিথ্যা কথা বলে বেড়াও এবং কুৎসা রটনা কর। আমি স্পষ্ট বলি, 'হ য ব র ল' দলের বাংলার মাটিতে কোনো স্থান নেই। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, রাজ্যের প্রতি ইঞ্চিতে আমাদের আন্দোলন চলে। আগে আন্দোলন ছিল সিপিএমের বিরুদ্ধে, এখন আন্দোলন চলছে কেন্দ্রের বিরুদ্ধে।’ এতদিন বিজেপি’র সঙ্গে মমতার গোপন বোঝাপড়া হয়ে গেছে বলে নানা মহল থেকে প্রচার করা হলেও মমতা আজ বিজেপি, কংগ্রেস, সিপিএমসহ বিরোধীদের কাউকেই ছেড়ে কথা বলেননি।

No comments:

Post a Comment