Friday, 10 July 2015

R.S.S CPIM আরএসএসের কর্মসূচিতে সিপিএমের বাধা দানে উত্তেজনা মেলাঘরে

আগরতলা, ৬ জুলাই৷৷ সিপিএম রাজ্য নেতৃত্ব প্ররোচনার ফাঁদে পা না দিতে বরাবরই দলীয় নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আসলেও নলছড় কেন্দ্রের দলীয় বিধায়ক তপন দাস সেই প্ররোচনার ফাঁদেই পা দিলেন৷ বিজেপির রাজ্য সভাপতির হুঙ্কারে গোটা রাজ্যেই সিপিএমের কর্মী সমর্থকরা ক্ষোভে ফঁুসছেন৷ এরই মধ্যে আরএসএসের বেশ কিছু সর্বক্ষণের স্বেচ্ছা সেবী রাজ্যে এসেছে৷ তারা রাজ্যের বিভিন্ন স্থানে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে৷ কার্যত সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্যে দিয়ে রাজ্যে বিজেপির ভিত শক্তিশালী করতে চাইছে তারা৷ এরই অঙ্গ হিসেবে আজ মেলাঘরের একটি সুকলে সকালে আরএসএসের স্বেচ্ছাসেবকরা যোগা কর্মসূচী শুরু করে৷ এখবর পাওয়ার সাথে সাথেই বিধায়ক তপন চন্দ্র দাস নাকি তার কিছু অনুগামীদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছেন৷ আরএসএসের স্বেচ্ছাসেবকদের রীতিমত জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ এমনকি আরএসএসের দুইজন সর্বক্ষণের স্বেচ্ছাসেবীকে বাইকে তুলে সেখান থেকে নিয়ে যাওয়া হয়৷ শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ এব্যাপারে আরএসএস রাজ্য শাখার তরফে মেলাঘর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ অবশ্য এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ এর জল বহুদূর পর্যন্ত প্রসারিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ, আরএসএস গোটা রাজ্যেই তাদের সাংগঠনিক তৎপরতা চালানোর যে প্রয়াস নিয়েছে তাতে শাসকদল রীতিমত বিপাকে পড়েছে৷ বিজেপির উত্থান ও আরএসএসের তৎপরতা বৃদ্ধি নেতাদের চোখের ঘুম কেড়ে নিচ্ছে৷ ২০১৮ সালকে টার্গেট করে বিজেপি এবং আরএসএস তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে৷ http://www.jagarantripura.com/news/2015/07/10034

No comments:

Post a Comment